প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান, জোর প্রস্তুতি নগরজুড়ে

প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান, জোর প্রস্তুতি নগরজুড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে পুরো নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচি থেকে জানা গেছে, শনিবার (২ মে) তিনি সিলেট সফরে যাবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।

সকাল ১১টায় চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন এবং দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন।

বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন।

এদিকে সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও এলাকাগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কগুলোতেও সংস্কার কার্যক্রম চলছে। বিভিন্ন মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানোসহ সাজসজ্জার কাজও জোরদার করা হয়েছে।

সফর সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চেকপোস্ট স্থাপন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে, সফর উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফর সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এ সফরে সিলেটের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দ্রুত ঢাকা-সিলেট যাতায়াত এবং শিল্পায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম বলেন, সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী জানান, সফর নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, প্রস্তুতি কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। তিনি জানান, অতিরিক্ত আলোকসজ্জার পরিবর্তে পরিচ্ছন্নতা ও সীমিত সৌন্দর্যবর্ধনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি সুধী সমাবেশে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা