প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা নতুন করে দেশ গঠনের অভিযোগ তারেক রহমানের

দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা নতুন করে দেশ গঠনের অভিযোগ তারেক রহমানের
যশোর, প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা নতুন করে দেশ গঠনের পথে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং এখনো সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, যারা ধর্মের নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টি করেছে, তারাই অতীতের বিভিন্ন সময়ে ষড়যন্ত্রে জড়িত ছিল এবং এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের পর যারা আপসের কথা বলেছিল, তারাই এখন নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দেওয়া দায়িত্ব বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপিকে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে তুলে ধরার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশে অস্থিরতা এড়াতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন আবার দীর্ঘমেয়াদি অরাজকতা বা হরতালের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন।

অর্থনীতি ও কৃষি খাত নিয়ে তিনি বলেন, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এতে সেচব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি খালকেন্দ্রিক মৎস্যচাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।

তিনি আরও জানান, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি করতে উদ্যোগ নেওয়া হবে।

সামাজিক খাতে উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশুদের টিকাদান এবং বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা অগ্রাধিকার পাবে। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন উন্নয়নে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির পরিকল্পনাও রয়েছে।

বক্তব্যের শেষে তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা