বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মাওলানা মামুনুল হক ইরানকে ঘিরে চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলবাহী জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা কামনা করেন।
এ জবাবে ইরানের রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং এ বিষয়ে নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার কথা জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে ইরান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আমিরি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।