প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মা-বোনদের কষ্ট কমাতে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
যশোর, প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মতো করে দেশের মা-বোনদের হাতে এলপিজি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে রান্নার কাজে তাদের ভোগান্তি কমে আসে।

তিনি আরও বলেন, গ্রাম ও শহরের নারীরা রান্নার কাজে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সারাদেশে ফ্যামিলি কার্ডের মতো করেই এলপিজি কার্ড বিতরণ করা হবে।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি জানান, প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি ও পানি ব্যবস্থায় উন্নতি আসবে। এতে প্রায় ২০ হাজারের বেশি কৃষক উপকৃত হবেন এবং প্রায় ১৪০০ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। খালের পানিতে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলেও তিনি উল্লেখ করেন। খাল খনন শেষ হলে দুই পাড়ে প্রায় তিন হাজার বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই খাল পুনঃখনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য রয়েছে, যাতে গ্রামীণ জনগোষ্ঠী কৃষি ও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।

নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ স্থানীয় নেতারা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা