প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খাল কেটে কুমির আনবেন না, বিরোধী দলকে রাজনীতিতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রী

খাল কেটে কুমির আনবেন না, বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

বিরোধী রাজনৈতিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে দেশে আবার অস্থিতিশীল বা ফ্যাসিস্ট ধাঁচের পরিস্থিতি তৈরি হয়।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। কোনো ধরনের বিভাজন বা উসকানিমূলক রাজনীতি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সংসদে বিরোধিতা থাকলেও তা যেন গঠনমূলক হয়। অপ্রয়োজনীয় বিতর্ক বা বিভ্রান্তিকর বয়ান তৈরি করলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি জুলাই সনদ প্রসঙ্গ টেনে বলেন, এটি নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করে বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা