জামালপুরের সরিষাবাড়ী উপজেলা-এ দা দিয়ে কুপিয়ে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজীবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে একই গ্রামের বশির খানের ছেলে সাইদুল ইসলাম (৩৫) অতর্কিতভাবে ধারালো দা দিয়ে আনোয়ারের ওপর হামলা চালায়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আনোয়ারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর অভিযুক্ত সাইদুল ইসলাম সরিষাবাড়ী থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং নিজের দোষ স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।