প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু
তাসকিন আহমেদ তানজিদ,ময়মনসিংহ জেলা জু/মা/জা
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

তিনি জানান, গত ২১ এপ্রিল ত্রিশাল থেকে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শিশুটি মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ২৮ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৩ শিশু। এ পর্যন্ত মোট ৭৫৫ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, পরিস্থিতি মোকাবিলায় তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, শিশুদের হামের সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা