প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাড্ডায় ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: চিরকুটে শিক্ষকের নাম

বাড্ডায় ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: চিরকুটে শিক্ষকের নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬

রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

তিনি জানান, মিমোর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। তিনি বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে একজন শিক্ষকের নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে। এছাড়া তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করেও সংশ্লিষ্টতার কিছু ইঙ্গিত পেয়েছে কর্তৃপক্ষ।

এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষক এবং মিমোর ঘনিষ্ঠ এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা