বলিউডে আইটেম গানের জগতে ঝড় তোলা নাম নোরা ফাতেহি—তাকে আজ আমরা নাচের মঞ্চে দেখি, কিন্তু তার শৈশবের স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অতীতের কথা শেয়ার করে তিনি জানান, ছোটবেলায় ফুটবলই ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা। ধুলোভরা মাঠে ড্রিবলিং আর গোল করার মধ্যেই কেটেছে তার শৈশব-কৈশোর।
তবে মাত্র ১১ বছর বয়সে গুরুতর এক চোট তার সেই স্বপ্ন থামিয়ে দেয়। সেই কঠিন সময়কে জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
নোরা মনে করেন, খেলাধুলার সেই সংগ্রাম তাকে মানসিকভাবে দৃঢ় করে তোলে, যা পরবর্তীতে বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে।
তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় Roar:টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমার মাধ্যমে। তবে তিনি মূলত জনপ্রিয়তা পান বিভিন্ন গানে পারফর্ম করে। দক্ষিণী সিনেমা টেম্পার,বাহুবলী: দ্য বিগিনিং এবং কিক টু-এ তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।
২০১৮ সালে সত্যমেভ জয়তে সিনেমার ‘দিলবার’ গানটি তাকে তারকাখ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে।
ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে তার উপস্থিতি কম নয়। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-তেও কণ্ঠ দিয়েছেন তিনি।
সব মিলিয়ে, অপূর্ণ স্বপ্নকে শক্তিতে পরিণত করে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন নোরা—যা অনেকের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।