প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে জাটকা সংরক্ষণ কর্মসূচিতে প্রথমবার জেলেদের জন্য চালের পাশাপাশি খাদ্য সহায়তা

চাঁদপুর,জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

ইলিশ সম্পদ রক্ষায় চলমান জাটকা সংরক্ষণ কর্মসূচির (মার্চ–এপ্রিল) অংশ হিসেবে চাঁদপুরে জেলেদের জন্য এবার নতুনভাবে পূর্ণাঙ্গ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, জেলার প্রায় সাড়ে ৮ হাজার নিবন্ধিত জেলে পরিবার এবার শুধু চাল নয়, বরং তেল, আটা, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছেন।

মৎস্য কর্মকর্তাদের তথ্যমতে, প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে ৪০ কেজি চালের পাশাপাশি ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ এবং ৮ কেজি মসুর ডাল।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, পদ্মা–মেঘনা নদীবেষ্টিত অঞ্চলের জেলেরা দীর্ঘদিন ধরে শুধু চালের পরিবর্তে পূর্ণাঙ্গ খাদ্য সহায়তার দাবি জানিয়ে আসছিলেন। তাদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এবার ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার অভয়াশ্রম এলাকায় প্রায় ৩৯ হাজার ৪০০ জেলের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় ১৬০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে, যার বিতরণ কার্যক্রম চলমান। পাশাপাশি অতিরিক্ত এই খাদ্য সহায়তা বিশেষ প্রকল্পের মাধ্যমে আলাদাভাবে সাড়ে ৮ হাজার জেলের মাঝে বিতরণ করা হচ্ছে।

স্থানীয় জেলেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা তাদের জীবনযাত্রায় স্বস্তি আনবে এবং জাটকা নিধন রোধে আরও দায়িত্বশীল হতে উৎসাহ দেবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা