প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফিলিং স্টেশনে অনিয়ম: অভিযানে মোটরসাইকেল জব্দ ও জরিমানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রির নির্ধারিত সময়ের আগেই মোটরসাইকেল রেখে সিরিয়াল তৈরি ও কৃত্রিম ভিড় সৃষ্টি করার অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের অভিযোগ, কাগজপত্র ছাড়াই দীর্ঘ সারি তৈরি করে কিছু ব্যক্তি অযথা জটিলতা সৃষ্টি করছিল, ফলে সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি দ্রুত ফিলিং স্টেশনের সামনে থাকা মোটরসাইকেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং আধা ঘণ্টার মধ্যে এলাকা খালি করার নির্দেশনা প্রদান করেন।

অভিযান চলাকালে কাগজপত্রবিহীন কয়েকটি মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়। এছাড়া যেসব মোটরসাইকেলের মালিক শনাক্ত করা যায়নি, সেগুলো থানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের এ পদক্ষেপের পর স্থানীয় বাসিন্দা ও মোটরসাইকেল চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এ ধরনের অভিযানকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা