প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।

 

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে জামায়াত আমির যে মন্তব্য করেছেন, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, জামায়াত ও তাদের নেতৃত্ব সুষ্ঠু রাজনৈতিক বিশ্লেষণ করতে ব্যর্থ।

 

তিনি দাবি করেন, দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। জনগণের রায়েই বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল আরও বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ৫ আগস্টের পর যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন।

 

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে জনগণ সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও গণতান্ত্রিকভাবে তা মোকাবিলা করা হবে।

এছাড়া তিনি জানান, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা