পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এতে অন্তত দুজন নিহত হয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে শনিবার (২৫ এপ্রিল) এ তথ্য জানানো হয়।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম দমনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইউনাইটেড স্টেটস সাউদার্ন কমান্ড জানায়, লক্ষ্যবস্তু নৌযানটি একটি নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যদিও সংগঠনের নাম প্রকাশ করা হয়নি।
সামরিক সূত্র বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং অবৈধ কার্যক্রমে জড়িত ছিল।
প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে পানিতে থাকা নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে। সাম্প্রতিক সময়ে একই অঞ্চলে এ ধরনের একাধিক অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী।
তবে এ ধরনের হামলার তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় থেকে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।