প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাসের ভাড়া বাড়ানো হয়নি, করা হয়েছে সমন্বয়: পরিবহনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬

পাচার রোধ ও ভর্তুকির চাপ কমাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, তেলের দামের সঙ্গে সমন্বয় করেই বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে, আলাদাভাবে ভাড়া বাড়ানো হয়নি।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো ধরনের আলোচনা ছাড়াই বাস ভাড়াও কমিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে শুধু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও বলেন, শুধুমাত্র ডিজেলচালিত বাসের ভাড়ায় সমন্বয় আনা হয়েছে। গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়েনি এবং কেউ বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রধান প্রধান সড়কে ধাপে ধাপে অটোরিকশা চলাচল সীমিত করা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৩ এপ্রিল থেকে বাস ও মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে। ঢাকা ও চট্টগ্রামসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।

এর আগে, বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রভাবে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দর অনুযায়ী, ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা