জামালপুরের বকশীগঞ্জ উপজেলা-র কামালপুর উত্তর গ্রামে পুকুরপাড়ে একটি মর্টারশেল সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
স্থানীয় সূত্র জানায়, বিকেল চারটার দিকে কুলছুমা বেগম নামে এক নারী প্রতিবেশীর পুকুরপাড়ে ছাগল চরাতে গিয়ে ভারী লোহাসদৃশ একটি বস্তু দেখতে পান। প্রথমে এটি সাধারণ লোহার টুকরো মনে করে তিনি সেটি বাড়িতে নিয়ে যান।
পরে তার ছেলে বস্তুটি দেখে সন্দেহ করেন যে এটি মর্টারশেল হতে পারে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় তিনি দ্রুত সেটি বাড়ির বাইরে নিয়ে গিয়ে একটি খোলা জায়গায় রেখে স্থানীয়দের বিষয়টি জানান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পুরনো একটি মর্টারশেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সক্রিয় কিনা, তা এখনো নিশ্চিত নয়। ইতোমধ্যে বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে এবং তারা এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবে।
উল্লেখ্য, কামালপুর সীমান্ত এলাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর সময় একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্র ছিল। স্থানীয়দের ধারণা, পাওয়া বস্তুটি সে সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ হতে পারে।