স্বাধীনতার এত বছর পরও দেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার গড়ে না ওঠা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, এই কোর্স কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে।
সেনাপ্রধান কোর্স সফলভাবে সম্পন্ন করা ফেলোদের অভিনন্দন জানান এবং জাতীয় নিরাপত্তা জোরদার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে মাত্র একটি তেল শোধনাগার রয়েছে—ইস্টার্ন রিফাইনারি—যা মোট চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে সক্ষম। ফলে বাকি জ্বালানি পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যা ব্যয় অনেক বাড়িয়ে দেয়।