প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুদ্ধাবস্থায় পদত্যাগ মার্কিন নৌবাহিনীর প্রধান জন ফেলানের পদত্যাগ

যুদ্ধাবস্থায় পদত্যাগ মার্কিন নৌবাহিনীর প্রধান জন ফেলানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬

মার্কিন নৌবাহিনীর প্রধান জন ফেলান পদত্যাগ করেছেন। পেন্টাগন জানিয়েছে, তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌবাহিনীর উপ-সচিব হাং কাও সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রশাসনের আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা দায়িত্ব ছেড়েছেন। ফেলানের পদত্যাগ সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে মার্কিন অবরোধের প্রেক্ষাপটে এই পদত্যাগের খবর সামনে এলো।

যদিও আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কারণ জানানো হয়নি, তবে মার্কিন গণমাধ্যমের খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, জাহাজ নির্মাণসংক্রান্ত নীতিগত মতবিরোধ এর পেছনে ভূমিকা রাখতে পারে।

পেন্টাগনের পক্ষ থেকে ফেলানের দায়িত্বকালীন অবদানের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জ-কে পদত্যাগের নির্দেশ দেন। এছাড়া জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিন-কেও সম্প্রতি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিবিসি জানায়, পেন্টাগনে দায়িত্ব নেওয়ার পর হেগসেথ এক ডজনের বেশি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছেন। এদের মধ্যে নৌবাহিনীর অপারেশন প্রধান ও বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফও রয়েছেন।

এদিকে, নৌবাহিনীর নেতৃত্বে এই পরিবর্তন এমন এক সময়ে এলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট এ পদক্ষেপে সন্তুষ্ট।

অন্যদিকে, ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা