ইরানের অন্তত ৩১টি তেলবাহী জাহাজকে পথ পরিবর্তন করতে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সেন্টকম জানায়, ইরানের ওপর আরোপিত সমুদ্রপথের অবরোধ কার্যকর করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুরো অভিযানটি পরিচালনা করছে মার্কিন নৌবাহিনী।
প্রতিবেদন অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে ডোনাল্ড ট্রাম্প-এর নির্দেশে ইরানের বন্দরে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়। এই কার্যক্রমকে ‘অর্থনৈতিক চাপ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, বন্দর নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই অবরোধের কারণে প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়ছে ইরান।
অন্যদিকে জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভরটেক্সা বলছে, এখনো অন্তত ৩৪টি তেলবাহী জাহাজ অবরোধ এড়িয়ে চলাচল করছে। এর মধ্যে কিছু জাহাজ উপসাগর ছেড়ে যাচ্ছে, আবার কিছু আরব সাগর হয়ে ইরানের দিকে অগ্রসর হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকটি জাহাজ নিজেদের অবস্থান গোপন রাখতে ট্র্যাকিং বা শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। উদাহরণ হিসেবে ‘ডোরেনা’ নামের একটি বড় ট্যাংকারের কথা উল্লেখ করা হয়েছে, যা মালয়েশিয়ার উপকূলে অবস্থানকালে ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে তেল স্থানান্তরের চেষ্টা করছিল।