এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন তিনি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের সুস্থতা ও ভালো ফলাফলের জন্য দোয়া করেন। পাশাপাশি কেন্দ্র সচিবদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় তিনি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।
পরে তিনি পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য স্থাপিত ছাউনি ও সুপেয় পানির ব্যবস্থাও পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।