প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারত থেকে পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে

ভারত থেকে পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তৃতীয় দফায় আরও ৭ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে এই তেল আসে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর অপারেশন্স ম্যানেজার কাজী রবিউল আলম জানান, গত সোমবার রাতে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এর আগে ১৯ এপ্রিল একই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল দেশে আসে।

এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ১৩ হাজার টন এবং চলতি বছরে এখন পর্যন্ত ৩৫ হাজার টন ডিজেল আমদানি হয়েছে। এপ্রিল মাসে মোট চারটি চালানে ২৫ হাজার টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল ইতোমধ্যে পৌঁছেছে।

অন্যদিকে, চলতি বছরের মার্চ পর্যন্ত চারটি চালানে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। পার্বতীপুরে পৌঁছানোর পর এই জ্বালানি তেল পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন বিপণন কোম্পানির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে তেল আমদানি কার্যক্রম চালু হয়।

দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ধরে বাংলাদেশকে ডিজেল সরবরাহ করবে। বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানির পরিকল্পনা থাকলেও ভবিষ্যতে চাহিদা অনুযায়ী তা বাড়ানো যেতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ টন তেল আমদানির সক্ষমতা রয়েছে।

এর আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেলপথে উত্তরাঞ্চলে তেল পৌঁছাতে ৬ থেকে ৭ দিন সময় লাগত, যা এখন অনেক কমে এসেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা