পারস্য উপসাগরের তলদেশে স্থাপিত ইন্টারনেট কেবল ও ক্লাউড অবকাঠামোকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিম নিউজ একটি মানচিত্র প্রকাশ করেছে, যা বিশ্লেষকদের মতে সম্ভাব্য ‘গোপন বার্তা’ বা কৌশলগত হুমকির ইঙ্গিত বহন করছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি শুধু জ্বালানি পরিবহনের জন্য নয়, বরং সাবমেরিন ইন্টারনেট কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবেও ব্যবহৃত হয়। এই রুট দিয়েই সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরব-এর গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ পরিচালিত হয়।
বিশ্লেষকদের মতে, এই প্রকাশিত তথ্য কেবল প্রযুক্তিগত নয়; বরং এটি একটি কৌশলগত সংকেত। এতে সাবমেরিন কেবল, ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমিরাত ও বাহরাইনে অবস্থিত ক্লাউড অবকাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে, যেখানে কোনো ধরনের হামলা হলে তা অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে ইরানের উত্তেজনা বাড়তে থাকায় ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও জোরদার হয়েছে।
কিছু সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা বাণিজ্যিক ক্লাউড অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
বিশ্লেষকেরা বলছেন, প্রচলিত জ্বালানি স্থাপনা বা সমুদ্রপথের পাশাপাশি এখন সাবমেরিন ইন্টারনেট কেবল ও ডেটা সেন্টারগুলোও ভূরাজনৈতিক সংঘাতের নতুন ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে।