প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, শান্তি আলোচনার আশা ট্রাম্পের

ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, শান্তি আলোচনার আশা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

পোস্টে মার্কিন নাগরিকদের ইরানের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট সংক্রান্ত তথ্য নেওয়া এবং স্থানীয় সংবাদমাধ্যমের আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়, প্রয়োজনে সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তানের মাধ্যমে দেশত্যাগ করা যেতে পারে।

তবে নিরাপত্তা ঝুঁকির কারণে আফগানিস্তান ও ইরাকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এছাড়া সতর্ক করে বলা হয়েছে, ইরান সরকার মার্কিন নাগরিকদের দেশ ছাড়তে বাধা দিতে পারে কিংবা ‘এক্সিট ফি’ দাবি করতে পারে। যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের ইরানি পাসপোর্ট ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী শুক্রবারের মধ্যেই এ বিষয়ে ‘সুসংবাদ’ আসতে পারে।

পাকিস্তানের একাধিক সূত্র জানিয়েছে, তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে এবং আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

এর আগে ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়ে জানান, ইরান একটি সমন্বিত প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি অব্যাহত রাখবে। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ নির্দেশনার কথা উল্লেখ করেন।

বর্তমানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলমান তৎপরতার ভিত্তিতেই সম্ভাব্য আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা