ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় সহযোগিতা, তিস্তা প্রকল্প এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭৭ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই শক্তিশালী হয়েছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরকে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন।
স্পিকার আরও বলেন, দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সংসদ সদস্য পর্যায়ে নিয়মিত সফর বিনিময় প্রয়োজন। তিনি বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ দ্রুত গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ক প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন এবং সার্কে চীনের পর্যবেক্ষক হিসেবে সম্পৃক্ততাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে স্পিকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে চীনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
চীনের রাষ্ট্রদূত স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং চীন সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। তিনি বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে।
বৈঠক শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চীনা রাষ্ট্রদূতকে জাতীয় স্মৃতিসৌধের প্রতীক সংবলিত একটি স্মারক উপহার দেন।