প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৭ দিনের আল্টিমেটামের পর ঝিকরগাছা বাজারে উচ্ছেদ অভিযান

৭ দিনের আল্টিমেটামের পর ঝিকরগাছা বাজারে উচ্ছেদ অভিযান
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

৭ দিনের আল্টিমেটামের পর অবশেষে যশোরের ঝিকরগাছা বাজারে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে বাজারের বিভিন্ন স্থানে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও স্টল উচ্ছেদ করা হয়। এতে বাজার এলাকায় দীর্ঘদিনের দখলদারিত্ব ভেঙে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরতে শুরু করেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল এবং যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়। এ অবস্থায় পূর্ব ঘোষণা অনুযায়ী অবৈধ দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে ৭ দিনের সময়সীমা দেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হওয়ায় আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, কৃষি অফিসার মোঃ নুরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর শহীদ আলমসহ উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে গত ১৩ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ উপজেলার বিভিন্ন বাজার ও এলাকা পরিদর্শন করেন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে দ্রুত দোকান সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

দীর্ঘদিন ধরে ঝিকরগাছা বাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এর প্রেক্ষিতে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা