মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং শান্তি আলোচনায় অগ্রগতি না থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বুধবার দিনের শুরুতে কিছুটা কমলেও পরবর্তীতে বাজার ঘুরে দাঁড়ায়। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে অন্তত তিনটি কনটেইনার জাহাজে গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সরবরাহ ঘিরে অনিশ্চয়তা আরও বেড়ে যায়।
এই পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ২১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দামও ৫৯ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৬ ডলারে পৌঁছায়।
এর আগের দিনও উভয় সূচকে প্রায় ৩ শতাংশ করে দাম বৃদ্ধি পেয়েছিল বলে বাজার সূত্র জানিয়েছে।