বিগত সরকারের সময়ে নিয়োগ পাওয়া ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি ও সাধারণ মানুষের হয়রানির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে সংসদের সম্মতি থাকলে বর্তমান ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে চিফ হুইপ নুরুল ইসলাম বিষয়টি উত্থাপন করলে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রতিক্রিয়া জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ বলেন, রেশনিং ও সার বিতরণে নিয়োজিত কিছু ডিলার সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। কৃষকদের স্বার্থ রক্ষা ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে পুরোনো ডিলারদের বাতিল করে নতুনদের নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।
তার বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান। এরপর স্পিকারের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিফ হুইপের প্রস্তাবটি সংসদে ইতিবাচকভাবে গৃহীত হয়েছে বলে তিনি লক্ষ্য করেছেন।
তিনি আরও জানান, এ বিষয়ে সংসদের সর্বসম্মত সমর্থন থাকলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।