হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সতর্কবার্তা উপেক্ষা করে অতিক্রমের চেষ্টা করায় অন্তত তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার সকালে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়।
আইআরজিসি-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ জানায়, ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজকে লক্ষ্য করে অভিযান চালানো হয় এবং সেটি বর্তমানে ইরানের উপকূলের কাছে আটকা রয়েছে। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’ ও ‘এপামিনোন্ডাস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে ইরানি গানবোট থেকে গুলি ছোড়া হয়। পরে বিবিসি ভেরিফাই নিশ্চিত করে যে, আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী ‘এপামিনোন্ডাস’।
জাহাজটির ক্যাপ্টেন অভিযোগ করেন, আগে কোনো রেডিও সতর্কতা দেওয়া হয়নি। তবে ইরানের নুর নিউজ এই দাবি অস্বীকার করে জানায়, জাহাজটি ইরানি বাহিনীর সতর্ক সংকেত উপেক্ষা করেছিল।
ইউকেএমটিও জানায়, ঘটনাটি ওমানের উত্তর-পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে ঘটে এবং এতে জাহাজের ব্রিজে বড় ধরনের ক্ষতি হয়েছে।
অন্যদিকে, সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, তৃতীয় আরেকটি পণ্যবাহী জাহাজও হামলার শিকার হয়েছে। পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে আক্রমণের মুখে পড়ে।
ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, আইআরজিসি জাহাজটিকে সংকেত দিয়ে নোঙর ফেলতে নির্দেশ দেয়। এতে জাহাজের ক্রুদের আবাসিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।