প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আসছে পেপ্যাল, জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

দেশে তথ্যপ্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম PayPal চালুর জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। এর পাশাপাশি আগামী পাঁচ বছরে ২ লাখ ফ্রিল্যান্সার তৈরি ও তাদের আইডি কার্ড প্রদানের বড় পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তথ্যপ্রযুক্তির বিস্তারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও বিভাগের মাধ্যমে বহুমুখী কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আগামী পাঁচ বছরে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরি করবে এবং প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্র প্রদান করা হবে। এরই মধ্যে সাড়ে সাত হাজারের বেশি ফ্রিল্যান্সার আইডি পেয়েছেন।

উচ্চপ্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির জন্য ২০২৬ সালের মধ্যে প্রায় ২,৪০০ তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আইটি খাতে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

সরকারি সেবা ডিজিটাল করার অংশ হিসেবে বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে, যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে হাজারো শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীকে এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালিটিক্স ও সাইবার সিকিউরিটির মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্যও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশে ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা