প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্মার্ট কৃষির পথে বাংলাদেশ: ‘কৃষক কার্ডে’ মিলবে ১০ সেবা

নতুন ডিলার নিয়োগের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

দেশের কৃষি খাতকে আধুনিক ও টেকসই করতে একগুচ্ছ নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গত ১৪ এপ্রিল চালু করা হয়েছে ‘কৃষক কার্ড’, যার মাধ্যমে কৃষকরা একসঙ্গে ১০ ধরনের গুরুত্বপূর্ণ সেবা পাবেন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কৃষিকে লাভজনক ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, জমি সংকট ও জনসংখ্যা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক কৃষি ব্যবস্থার বিকল্প নেই।

নতুন এই কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন— ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প সুদের ঋণ, সেচ সুবিধা, কৃষিযন্ত্র সহজলভ্যতা, ফসল বীমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগসহ নানা সেবা। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া, বাজার তথ্য ও রোগবালাই ব্যবস্থাপনার পরামর্শও দেওয়া হবে।

সরকার কৃষির উন্নয়নে আরও বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ, পতিত জমি চাষের আওতায় আনা এবং ‘ক্রপ জোনিং’ পদ্ধতি চালু করা। এতে নির্দিষ্ট এলাকার জন্য উপযোগী ফসল চাষ করে উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

কৃষিপণ্যের বহুমুখীকরণেও গুরুত্ব দিচ্ছে সরকার। ধানের পাশাপাশি ফল, সবজি, তেলবীজ ও মসলার উৎপাদন বাড়াতে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। এছাড়া কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ এবং রপ্তানি বাড়াতে বিশেষ অঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

গবেষণা ও উদ্ভাবনেও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবনের কাজ চলছে। একই সঙ্গে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি’ বাস্তবায়নের মাধ্যমে কম পানি ও কম রাসায়নিক ব্যবহার করে পরিবেশবান্ধব উৎপাদনের দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে।

সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা