মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ তৈরি হয়েছে। এর ফলে বিকল্প রুট হিসেবে পানামা খাল ব্যবহারের প্রবণতা বেড়েছে, আর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিবহন ব্যয়ও।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ দীর্ঘ অপেক্ষা এড়াতে প্রায় ৪০ লাখ ডলার অতিরিক্ত খরচ করেছে। সাধারণত পানামা খাল অতিক্রম করতে জাহাজগুলোকে কয়েকদিন অপেক্ষা করতে হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার পর ইরান হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। অথচ এই পথ দিয়েই বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হতো। ফলে এশিয়ার অনেক দেশ এখন উপসাগরীয় অঞ্চলের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি করে পানামা খাল ব্যবহার করছে।
পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, খাল দিয়ে প্রতিদিন জাহাজ চলাচল মোটামুটি স্থিতিশীল থাকলেও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জানুয়ারিতে দৈনিক প্রায় ৩৪টি জাহাজ চলাচল করলেও মার্চে তা বেড়ে ৩৭টিতে পৌঁছেছে, কিছু দিনে ৪০টিরও বেশি জাহাজ পারাপার হয়েছে।
খাল ব্যবহারের জন্য আগাম বুকিং বাধ্যতামূলক হলেও জরুরি পরিস্থিতিতে বেশি অর্থ দিয়ে দ্রুত পার হওয়ার সুযোগ রয়েছে। সাম্প্রতিক নিলামে একটি এলএনজি জাহাজ প্রায় ৪০ লাখ ডলার পর্যন্ত দর দিয়েছে। তেলবাহী কয়েকটি জাহাজও ৩০ লাখ ডলারের বেশি ব্যয় করেছে দ্রুত পারাপারের জন্য।
আগে যেখানে এই নিলামের গড় মূল্য ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার, বর্তমানে তা বেড়ে প্রায় ৩ লাখ ৮৫ হাজার ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের প্রায় ৫ শতাংশ সামুদ্রিক বাণিজ্য এই পানামা খাল দিয়ে সম্পন্ন হয়। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলকে এশিয়ার বড় অর্থনীতি যেমন চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সংযুক্ত করে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে কাজ করছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরের প্রথমার্ধে পানামা খাল দিয়ে ৬ হাজার ২৮৮টি জাহাজ চলাচল করেছে, যা আগের বছরের তুলনায় ৩.৭ শতাংশ বেশি।