প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্বালানি সংকটে পোশাক রপ্তানিতে বড় ঝুঁকি

জ্বালানি সংকটে পোশাক রপ্তানিতে বড় ঝুঁকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় তৈরি পোশাক খাত বড় ধরনের চাপে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি আনোয়ার-উল আলম (পারভেজ) চৌধুরী।

তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসে জ্বালানি ঘাটতির আশঙ্কায় অনেক বিদেশি ক্রেতা ইতোমধ্যে নতুন ক্রয়াদেশ স্থগিত করেছে। ফলে এসব অর্ডার ভারতের মতো প্রতিযোগী দেশগুলোতে চলে যাচ্ছে, যা দেশের রপ্তানি আয় ও অর্থনীতির জন্য উদ্বেগজনক সংকেত।

বুধবার (২২ এপ্রিল) প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, বৈশ্বিক বাজারের অস্থিরতার পাশাপাশি দেশের বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে জুলাই-আগস্টের সম্ভাব্য অর্ডার প্রত্যাশার তুলনায় অনেক কমে গেছে।

তার মতে, বিদেশি ক্রেতাদের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ও ব্যবসায়িক স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড ইতোমধ্যে বিকল্প উৎস হিসেবে ভারতসহ অন্যান্য দেশের দিকে ঝুঁকছে। যদিও ঢাকায় থাকা তাদের স্থানীয় অফিস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে মূল সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ নতুন অর্ডার দিতে সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় বর্তমান কর কাঠামোকেও ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেন তিনি। লাভ-ক্ষতি নির্বিশেষে ন্যূনতম ১ শতাংশ কর দেওয়ার বাধ্যবাধকতা ছোট উদ্যোক্তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে কর স্ল্যাবভিত্তিক ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।

তিনি আরও বলেন, রপ্তানি আয়ের ওপর উৎস কর কমানো হলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবে। তবে এ প্রস্তাব নাকচ করে দেন আবদুর রহমান খান।

সভায় আরও অংশ নেয় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যারা কোম্পানির ব্যাংক আমানতের মুনাফায় উৎস কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা এবং সারচার্জ ধাপে ধাপে বাতিলের দাবি জানায়।

ব্যবসায়ীরা বলছেন, করের চাপ কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি না হলে অর্থনীতি ও রপ্তানি খাত বড় ঝুঁকিতে পড়তে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা