পাকিস্তান নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তৈমুর’ নামের আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স জানায়, এই পরীক্ষার মাধ্যমে দেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘তৈমুর’ একটি আধুনিক জাহাজ-বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা, যা দূরবর্তী লক্ষ্যবস্তু নির্ভুলভাবে শনাক্ত, অনুসরণ এবং ধ্বংস করতে সক্ষম। পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি উচ্চমাত্রার নির্ভুলতা প্রদর্শন করেছে।
আইএসপিআর আরও জানায়, এই সফল পরীক্ষা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও নির্ভুল আঘাত হানার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। পাশাপাশি এটি বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মের মধ্যে সমন্বিত অভিযান পরিচালনার দক্ষতাও বাড়াবে।
উল্লেখ্য, এর আগে ১৬ এপ্রিলও পাকিস্তান একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে উত্তর আরব সাগরে মহড়ার সময় সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছিল দেশটি।