প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়া হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট

কাউনিয়া হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট, অকেজো টিউবওয়েলে চরম দুর্ভোগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬

রংপুরের কাউনিয়া উপজেলা হাসপাতালের একমাত্র টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, এতদিন হাসপাতালের নিচে স্থাপিত একমাত্র টিউবওয়েল থেকেই পানি সংগ্রহ করতেন সবাই। তবে কয়েকদিন ধরে সেটি নষ্ট হয়ে পড়ে থাকায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা জানান, বিশুদ্ধ পানির অভাবে তাদের বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে। হারাগাছ এলাকার এক রোগীর স্বজন মনোয়ারা বেগম বলেন, হাসপাতালে কোনো কার্যকর টিউবওয়েল না থাকায় নিরাপদ পানি পাওয়া যাচ্ছে না। অনেক কেবিন ও ল্যাট্রিনে পানির সরবরাহও বন্ধ রয়েছে।

একই অভিযোগ করেন টেপামধুপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুস সাত্তারের স্বজনরা। তারা জানান, বাধ্য হয়ে হাসপাতালের বাইরে থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।

আরেক স্বজন রাবেয়া বেগম বলেন, পানির অভাবে তাদের উপজেলা পরিষদের মসজিদ থেকে পানি এনে ব্যবহার করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টসাধ্য।

বিশুদ্ধ পানির এই সংকট সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভর্তি রোগীদের চিকিৎসাকে আরও ঝুঁকির মুখে ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব জানান, দ্রুত নষ্ট টিউবওয়েলটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা