প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এলপিজির দাম কমানোর দাবি আখতারের

রাষ্ট্রযন্ত্রে ‘ফ্যাসিবাদী কাঠামো’ রয়ে গেছে: সংসদে আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬

সংসদে এলপিজি গ্যাসের উচ্চমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা কমিয়ে সহনীয় পর্যায়ে আনার আহ্বান জানিয়েছেন আখতার হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ থাকলেও দেশে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে জ্বালানি সংকটের পেছনে কৃত্রিম কারণ ও বাজারে অসাধু চক্রের প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এলপিজির হঠাৎ মূল্যবৃদ্ধির সমালোচনা করে আখতার হোসেন বলেন, এতে গৃহস্থালি কাজ থেকে শুরু করে উৎপাদন খাত পর্যন্ত সব জায়গায় নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের দাম একসঙ্গে বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে চাপ সৃষ্টি করেছে। তাই বাজার নিয়ন্ত্রণ, মজুতদারি রোধ এবং প্রশাসনিক নজরদারি জোরদারের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সংসদ সদস্যের মতে, এলপিজিসহ সব ধরনের জ্বালানির দাম যৌক্তিক পর্যায়ে না আনলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা