স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ইতালি-র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী বাংলাদেশ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং দেশটির সঙ্গে সহযোগিতার ক্ষেত্র দিন দিন বিস্তৃত হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো-এর সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে সরকার।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইতালি সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন, আগামী জুন থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হলে বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজ হবে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও দ্রুততর হবে।
এ সময় দুই দেশের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ কর্মী পাঠানো, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়।
রাষ্ট্রদূত বৈঠকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন এবং বাংলাদেশি মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে সে আমন্ত্রণ গ্রহণ করবেন বলে জানান।