চলমান তীব্র দাবদাহে এসএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপালী চাঁদপুর’। চাঁদপুর শহরের প্রতিটি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে সংগঠনটির পক্ষ থেকে ‘ক্লিন চাঁদপুর’-কে ১০ হাজার বিশুদ্ধ পানির বোতল উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম সংলগ্ন মেসার্স খান এন্ড সন্স থেকে এই পানির বোতলগুলো ক্রয় করে ‘ক্লিন চাঁদপুর’-এর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এই মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন রূপালী চাঁদপুরের সভাপতি কাজী দিলজেব কবির রিপন ও সাধারণ সম্পাদক নূর হোসেন নূরুসহ অন্যান্য সদস্যবৃন্দ। ‘ক্লিন চাঁদপুর’-এর পক্ষ থেকে পানিগুলো গ্রহণ করেন সংগঠনের সিনিয়র সদস্য পায়েল, জিন্না ও শাখাওয়াত।
এ বিষয়ে রূপালী চাঁদপুরের নেতৃবৃন্দ জানান, ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তাদের প্রিয় বন্ধু এবং রূপালী চাঁদপুরের সহ-সভাপতি। তার নেতৃত্বে ‘ক্লিন চাঁদপুর’ শহরের সৌন্দর্যবর্ধন ও জনকল্যাণে যে কাজ করে যাচ্ছে, তাতে শরিক হতেই তারা এই ১০ হাজার পানির বোতল উপহার দিয়েছেন। আগামী দিনেও ‘ক্লিন চাঁদপুর’-এর সব ভালো কাজের পাশে রূপালী চাঁদপুর অটুটভাবে থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলার কেন্দ্রগুলোতে আসা পরীক্ষার্থীরা তীব্র গরমের কবলে পড়েছে। এই পরিস্থিতিতে ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের উদ্যোগে কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে ‘রূপালী চাঁদপুর’-এর এই অবদান এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।
শিক্ষার্থীদের সুবিধার্থে পুরো পরীক্ষা চলাকালীন বিভিন্ন ধাপে এই বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তরুণদের এমন গঠনমূলক ও মানবিক কর্মকাণ্ডকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সুধীমহল সাধুবাদ জানিয়েছেন।