যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সম্ভাব্য নতুন দফা আলোচনাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান আলোচনায় সম্মত হলে তবেই পাকিস্তানে বৈঠকে অংশ নেবে মার্কিন প্রতিনিধিদল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে জানানো হয়, আলোচনার নিশ্চয়তা পেলে জে ডি ভ্যান্স-এর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ সফরে যেতে পারে।
প্রতিনিধিদলে আরও থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতি প্রশমনে দ্বিতীয় দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান স্পষ্ট করে বলেছে, কোনো সমঝোতার কাঠামো না থাকলে তারা নতুন আলোচনায় বসবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা থাকায় যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কম রয়েছে এবং পরবর্তী বৈঠক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
দুই দেশের এই ভিন্ন অবস্থানের কারণে সম্ভাব্য আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময় অনুযায়ী মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ সফরও স্থগিত রয়েছে।