প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শান্তি আলোচনার দিনে পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমানের অবতরণ

শান্তি আলোচনার দিনে পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমানের অবতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় আলোচনার লক্ষ্যে পাকিস্তানে পৌঁছেছে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদল। সোমবার সন্ধ্যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধিদলটি ইসলামাবাদে অবতরণ করেন। এই সফরে ভ্যান্সের সাথে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দুই প্রভাবশালী উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

মার্কিন প্রতিনিধিদলের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অন্তত ৬টি মার্কিন সামরিক বিমান অবতরণ করেছে। সবশেষ সোমবারই দুটি বিমান সেখানে পৌঁছায়। এসব বিমানে প্রতিনিধিদলের জন্য বিশেষ যোগাযোগ সরঞ্জাম, সহায়ক যানবাহন এবং অন্যান্য প্রয়োজনীয় রসদ আনা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, নূর খান বিমানঘাঁটিটি সাধারণত পাকিস্তানে আসা বিদেশি ভিআইপি অতিথিদের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।

এদিকে আলোচনার টেবিল প্রস্তুত হলেও ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। সোমবার মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দের ঘটনায় তেহরান তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার না করে, তবে তারা কোনো ধরনের আলোচনায় বসবে না।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জাহাজ জব্দের ঘটনাটি এই শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। একদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধের সমাপ্তি ঘটাতে চাইছে, অন্যদিকে পাল্টাপাল্টি সামরিক ও কৌশলগত পদক্ষেপে আলোচনার পরিবেশ কলুষিত হচ্ছে। শেষ পর্যন্ত ইসলামাবাদে ইরান তাদের প্রতিনিধি পাঠাবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা