ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত শিশুটির বয়স ছিল ১১ মাস এবং তার বাড়ি করিমগঞ্জ উপজেলা এলাকায়। গত ১৯ এপ্রিল হামের লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে নতুন করে ৪১ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ জন।
বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৮০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৫২ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন পর্যন্ত ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, আক্রান্ত শিশুদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কাজ করছে।