প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং জামিন প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ করতে বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জজ আদালত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদের সদস্যরা। বগুড়ার পাশাপাশি ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলাতেও একযোগে এ সেবা চালু করা হয়েছে।

‘ই-বেইল বন্ড’ হলো একটি অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা দ্রুত কারাগারে পাঠানো যায়। এর ফলে দীর্ঘসূত্রতা কমবে এবং জামিন কার্যকর হওয়ার সময়ও কমে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, এই ডিজিটাল পদ্ধতি চালুর মাধ্যমে বিচারপ্রার্থীদের দুর্ভোগ হ্রাস, দুর্নীতি প্রতিরোধ এবং দালাল চক্রের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।

এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করেন। পরে তিনি আদালত প্রাঙ্গণে গিয়ে এই নতুন সেবার আনুষ্ঠানিক সূচনা করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচলিত পদ্ধতিতে জামিননামা জমা দেওয়া ও যাচাই করতে সময় লাগে এবং অনেক ক্ষেত্রে অনিয়মের সুযোগ তৈরি হয়। ই-বেইল বন্ড চালুর ফলে এসব সমস্যার সমাধান হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা