যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলে মনে করছে তেহরান।
ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার অবস্থান পরিবর্তন করছে এবং অতিরিক্ত দাবি তুলে আলোচনা প্রক্রিয়াকে জটিল করে তুলছে। পাশাপাশি, হরমুজ প্রণালি এলাকায় মার্কিন নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হিসেবে দেখছে।
এ অবস্থায় আলোচনার পরিবেশ অনুকূল নয় বলে মনে করছে ইরান। তারা আগেই জানিয়ে দিয়েছে, অবরোধ তুলে না নেওয়া হলে কোনো আলোচনায় বসবে না।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তান-এ একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।
বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে, ফলে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।