নিজ জেলা বগুড়া সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।
এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশান থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে রয়েছেন, যাকে বগুড়ায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সফরকালে প্রধানমন্ত্রী জেলায় একাধিক উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে নতুন বগুড়া সিটি করপোরেশন-এর আনুষ্ঠানিক উদ্বোধন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে অবস্থান, এরপর বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং ই-বেইল বন্ড কার্যক্রম চালুর কথা রয়েছে। পরে বেলা সাড়ে ১১টায় পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের ফলক উন্মোচন করবেন তিনি।
দুপুরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল-এ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়া বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ-এ জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি-এ সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।