দেশে প্রায় দেড় মাস ধরে চলমান জ্বালানি সংকটের মধ্যে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নতুন করে পরিবহন খাতে চাপ সৃষ্টি করেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করার পর বাস-ট্রাক ভাড়া পুনর্নির্ধারণের দাবি জোরালো হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ভাড়া সমন্বয়ের বিষয়টি নিয়ে পরিবহন মালিক সমিতি ও নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর মধ্যে আলোচনা শুরু হয়েছে। পরিবহন মালিকরা বলছেন, শুধু জ্বালানি নয়—গাড়ির রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশের দাম, ব্যাংক সুদসহ সামগ্রিক ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় বাস চালানো কঠিন হয়ে পড়েছে।
পরিবহন মালিকদের দাবি অনুযায়ী, দূরপাল্লার বাসে বর্তমানে কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা ভাড়া রয়েছে, যা বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের মতে, ২০২২ সালের পর থেকে চাকা, ইঞ্জিন পার্টস, গাড়ির চেসিস ও বডি তৈরির খরচসহ সব খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, এখন বেশি দামে জ্বালানি কিনে আগের ভাড়ায় সেবা দেওয়া সম্ভব নয়। এতে মালিকরা লোকসানে পড়ছেন। তিনি দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে শুধু তেলের দাম নয়, সব খরচ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা মনে করেন, যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে—এ বিষয়টিও সমান গুরুত্ব পেতে হবে।
বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটি বর্তমানে প্রস্তাব যাচাই-বাছাই করছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।