প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটের কথা বলে সরকার হঠাৎ করেই দাম বাড়িয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, জনগণ এখন লাগামহীন মূল্যস্ফীতির চাপে বিপর্যস্ত। তার মতে, জ্বালানি সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করা হয়েছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো এবং সিন্ডিকেট দমনেও সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মতপ্রকাশের কারণে বিভিন্ন কর্মীকে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। তিনি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তিও দাবি করেন।

অন্যদিকে ঢাবি শাখার সিনিয়র সহ-সভাপতি আছিয়া আক্তার রেমিজা প্রশ্ন তোলেন, দেশে যদি সত্যিই জ্বালানি সংকট না থাকে, তাহলে কেন তেলের দাম বাড়ানো হলো। তিনি এটিকে জনগণের প্রত্যাশার বিপরীত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।

সমাবেশ থেকে দ্রুত জ্বালানি সংকট সমাধান এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা