রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে, যা কৃষকদের মুখে ফিরিয়েছে স্বস্তির হাসি। সুস্বাদু হওয়ায় এই চরের কুমড়া এখন রাজধানী ঢাকার কাওরান বাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, তিস্তার চর তালুক শাহাবাজ, চরগনাই, নিজপাড়া, চর ঢুষমারা ও পাঞ্জরভাঙ্গা এলাকায় বিস্তীর্ণ জমিতে লাল-হলুদ রঙের পাকা কুমড়ায় ভরে গেছে মাঠ। চোখ যতদূর যায়, শুধু কুমড়ার সমারোহ।
স্থানীয় কৃষকরা জানান, কম খরচে বেশি ফলন হওয়ায় চরের বালুময় জমিতে কুমড়া চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নিজপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমান বলেন, এক হেক্টর জমিতে প্রায় ৬০০টি চারা রোপণ করে ভালো ফলন পেয়েছেন। খেত থেকেই ব্যবসায়ীরা কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন।
তালুক শাহাবাজ গ্রামের মনিরুল ইসলাম জানান, দেড় একর জমিতে কুমড়া চাষ করে তিনি আশাতীত ফলন পেয়েছেন। অন্যদিকে কৃষক তুহিন মিয়া বলেন, বর্ষা মৌসুমে বন্যা ও ভাঙনে ক্ষতির পর এই কুমড়া চাষই তাদের জীবিকার বড় ভরসা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কাউনিয়ার ১৭টি চরে ১১৫ হেক্টর জমিতে ২৭৬ জন কৃষক বিভিন্ন জাতের মিষ্টি কুমড়া চাষ করেছেন। প্রতি হেক্টরে গড়ে ৩৪ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উৎপাদন ব্যয় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা হলেও বিক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকার বেশি, ফলে প্রতি হেক্টরে লাভ হচ্ছে প্রায় ২ লাখ ৬৮ হাজার টাকা।
চলতি মৌসুমে প্রায় ৪ কোটি টাকার কুমড়া বিক্রির সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। অক্টোবর-নভেম্বরে রোপণ করা কুমড়া এখন মাঠ থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, প্রণোদনা হিসেবে বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার ফলে কৃষকরা ভালো ফলন পেয়েছেন এবং বাজারদরও সন্তোষজনক হওয়ায় তারা লাভবান হচ্ছেন।