সারাদেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত জনরায় প্রতিফলিত হয়নি।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটর-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছেন। এর মধ্যে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ব্যারিস্টার সানিসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। তিনি বলেন, তরুণদের শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। তার ভাষ্য, দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় কেবল ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাঠামোগত পরিবর্তন আসেনি।
বর্তমান সরকার ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে এবং সংস্কারের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।
এনসিপিতে যোগদানের ক্ষেত্রে পূর্ব রাজনৈতিক পরিচয় বড় বিষয় নয় বলেও জানান তিনি। তবে দুর্নীতি, চাঁদাবাজি বা সহিংস কর্মকাণ্ডে জড়িতদের জন্য দলে কোনো জায়গা থাকবে না বলে স্পষ্ট করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তাদের এই রাজনৈতিক উদ্যোগ।