প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ

চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি সংকট ও তাপপ্রবাহের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং। চাহিদার তুলনায় ৩৫ থেকে ৪৬ শতাংশ বিদ্যুতের ঘাটতির কারণে প্রায় প্রতি ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শহর থেকে গ্রাম—সবখানেই একই পরিস্থিতি বিরাজ করছে। দিনে-রাতে ১২ থেকে ১৫ বার পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ঘরোয়া জীবন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে। বর্তমানে চলমান প্রাথমিক স্তরের পরীক্ষার্থীরাও পড়েছে চরম দুর্ভোগে, কারণ বিদ্যুৎ না থাকায় পরীক্ষার পরিবেশও হয়ে উঠছে অস্বস্তিকর।

রাতের বেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ঘুম ব্যাহত হচ্ছে। অনেকে বাড়ির বাইরে সময় কাটাতে বাধ্য হচ্ছেন, তবে মশার উপদ্রব ও গরমের কারণে সেখানেও স্বস্তি নেই। এতে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনার পাশাপাশি দিনভর বিদ্যুৎ না থাকায় বিক্রি কমে গেছে। দর্শনা এলাকার একাধিক ব্যবসায়ী জানান, লোডশেডিংয়ের কারণে ক্রেতারা বাজারে আসছেন না, ফলে লোকসানের মুখে পড়ছেন তারা।

চা দোকান, কম্পিউটার সার্ভিস ও ছোট ব্যবসাগুলোতে এর প্রভাব আরও বেশি। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে কাজের ধারাবাহিকতা বজায় রাখা যাচ্ছে না।

কৃষি খাতেও পরিস্থিতি উদ্বেগজনক। ইরি-বোরো মৌসুমে সেচের জন্য বিদ্যুতের ওপর নির্ভরশীল কৃষকরা সময়মতো জমিতে পানি দিতে পারছেন না। ভোল্টেজ ওঠানামার কারণে সেচযন্ত্র নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।

বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে গ্যাস ও কয়লার সংকট দেখা দিয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। উৎপাদন সক্ষমতা থাকলেও জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।

জেলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাও বলছেন, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। জাতীয় পর্যায়ে সরবরাহ না বাড়লে এই সংকট দ্রুত কাটার সম্ভাবনা কম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা