উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম-এ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন চোরাকারবারিকেও আটক করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্য।
অভিযান চলাকালে এসব পণ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।