প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে তেল সরবরাহে অনিয়মের অভিযোগ

সরিষাবাড়ীতে তেল সরবরাহে অনিয়মের অভিযোগ, টোকেন বাণিজ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কামরাবাদ এলাকায় একটি ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল সরবরাহকে কেন্দ্র করে অনিয়ম ও সিন্ডিকেটের দাপটের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ এপ্রিল) দিনভর এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকরা।

অভিযোগ রয়েছে, ২০০ টাকার বিনিময়ে টোকেন সংগ্রহকারীদের অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়া হচ্ছে, ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই তেল পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রভাবশালী চক্র স্বেচ্ছাসেবকের পরিচয়ে কার্যক্রম নিয়ন্ত্রণ করছে এবং পরিচিত ও প্রভাবশালীদের আগে সুযোগ করে দিচ্ছে। একই ব্যক্তি একাধিকবার পেট্রোল সংগ্রহ করছেন বলেও অভিযোগ উঠেছে। এমনকি মোটরসাইকেল পাহারা দেওয়ার নামেও টাকা আদায়ের ঘটনাও ঘটছে।

স্থানীয়দের দাবি, কেউ এ অনিয়মের প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এমনকি শারীরিকভাবে লাঞ্ছিতও করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী জানান, বরবাড়িয়া গ্রামের এক ব্যক্তি একাধিক মোটরসাইকেলে পেট্রোল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ নিজেদের অসহায় ও জিম্মি মনে করছেন।

এদিকে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নীরব ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। এতে মোটরসাইকেল চালকসহ সচেতন মহলে ক্ষোভ বাড়ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা