যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, দুই দেশের মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা অনেক দূরের বিষয়।
শনিবার (১৮ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি থাকলেও গুরুত্বপূর্ণ অনেক ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে। তার ভাষায়, “আমরা এখনো চূড়ান্ত আলোচনার কাছাকাছি পৌঁছাইনি।”
তিনি দাবি করেন, চলমান সংঘাতে ইরান কৌশলগতভাবে সফল হয়েছে এবং নিজেদের দাবি আদায়ের পরিপ্রেক্ষিতেই তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বর্তমানে কার্যকর দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা।
গালিবাফ আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং যেকোনো সময় পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে। এ কারণে দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়েও তিনি কড়া অবস্থান তুলে ধরেন। তার মতে, এই কৌশলগত জলপথ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র যদি অবরোধ প্রত্যাহার না করে, তবে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।
তিনি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, ইরান নিজে বাধাগ্রস্ত থাকলে অন্যদের জন্য এই পথ খোলা রাখা হবে না।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে গালিবাফের নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলের বৈঠক হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিকে দুই দেশের মধ্যে অন্যতম উচ্চপর্যায়ের যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে ওই বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও পরবর্তী বৈঠকের সময় এখনো নির্ধারিত হয়নি।